|
New Page 1
উত্তরণ’-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কমিউনিটি রিপোর্ট ।।
জাপান প্রবাসীদের অতি
পরিচিত ও প্রিয় সাংস্কৃতিক সংগঠন “উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ, জাপান”
উদযাপন করেছে তাদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটিকে স্মরণীয় করে রাখতে
আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।
১৯ অক্টোবর, রোববার
টোকিওর আদাচি ওয়ার্ড অফিস হল-এ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি বা বিশেষ
অতিথি হিসেবে কেউ উপস্থিত ছিলেন না; আয়োজকরা জানান, “আমাদের অতিথি ছিলেন
আগত দর্শক ও শ্রোতারাই।”
অনুষ্ঠানের শুরুতে
উত্তরণের লিডার কামরুদ্দিন হোসেন পাপ্পু স্বাগত বক্তব্য রাখেন। যথাসময়ে
অনুষ্ঠান শুরু ও সমাপ্তির ঐতিহ্য বজায় রেখেছে উত্তরণ, যা তাদের সাংগঠনিক
শৃঙ্খলার পরিচায়ক।
বিশ্বজিৎ দত্ত (বাপ্পা)-এর সম্পাদনায় প্রকাশিত
হয় বিশেষ ম্যাগাজিন ‘উত্তরণ ৩৭’। ম্যাগাজিনে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত
মোঃ দাউদ আলী শুভেচ্ছা ও সাফল্য কামনা করে একটি বাণী প্রদান করেন। এছাড়া
প্রয়াত উত্তরণ সদস্যা জেন্সি করবী (মান্না চৌধুরীর সহধর্মিণী), বিশিষ্ট
সংগীতশিল্পী ফরিদা পারভীন এবং লেখক-বুদ্ধিজীবী বদরুদ্দিন উমর-এর প্রতি
শ্রদ্ধা জানিয়ে পৃথক নিবন্ধ প্রকাশিত হয়।
সাংস্কৃতিক পর্বে ফরিদা
পারভীন ও জেন্সি করবীর স্মরণে বিশেষ আয়োজন করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনায়
ছিলেন নিয়াজ আহমেদ জুয়েল ও মৌটুসি দত্ত। সবশেষে মৌটুসি দত্তর কণ্ঠে সংগীত
পরিবেশনে দর্শক-শ্রোতার সঙ্গে একাত্ম হয়ে অনুষ্ঠান শেষ হয় প্রাণবন্ত
পরিবেশে।
তবে এবারের অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন কিছু
পরিচিত মুখ— নীলাঞ্জনা দত্ত ছুটি, মামুন, মৌ, ওয়াতানাবে বাবু এবং নাশরাহ
আহমেদ—যাদের পরিবেশনা দর্শকরা মিস করেছেন বলে জানিয়েছেন আগত দর্শক শ্রোতা।
উল্লেখ্য, ১৯৮৮ সালে
মাত্র ৯ জন সংস্কৃতিপ্রেমী সদস্য নিয়ে পথচলা শুরু করা উত্তরণ বর্তমানে ৪০
সদস্য বিশিষ্ট একটি সাংস্কৃতিক সংগঠন। এবার অংশগ্রহণ করেছে তৃতীয়
প্রজন্মও—প্রতিষ্ঠাতা সদস্য যেরম গোমেজের দৌহিত্র, তুলি গোমেজ তনয় অর্ক
গোমেজ প্রথমবারের মতো সংগীত পরিবেশন করেন।
প্রবাসে নিজস্ব
সংস্কৃতি লালন ও চর্চা করা যেখানে কঠিন, সেখানে জাপানের মতো ভিন্ন
সংস্কৃতির দেশে ৩৭ বছর ধরে সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখা নিঃসন্দেহে এক
অসাধারণ অর্জন।
এই ধারাবাহিকতায় “উত্তরণ বাংলাদেশ কালচারাল
গ্রুপ, জাপান” হয়ে উঠেছে জাপান প্রবাসী বাংলাদেশিদের সংস্কৃতির ধারক ও
বাহক।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা]
|