|
টোকিওতে বিলাসবহুল ঘড়ি চুরির অভিযোগে দুই চিলিয়ান ব্যক্তি গ্রেপ্তার
কমিউনিটি রিপোর্ট ।।
চলতি সপ্তাহের শুরুতে
টোকিওর নাকানো ওয়ার্ডের একটি দোকান থেকে চারটি বিলাসবহুল হাতঘড়ি চুরির
সন্দেহে জাপানি পুলিশ দুই চিলিয়ান নাগরিককে গ্রেপ্তার করেছে। চুরি হওয়া
জিনিসগুলোর মূল্য প্রায় ২০ কোটি ইয়েন, বা প্রায় ১২.৫ লক্ষ ডলার।
বৃহস্পতিবার পশ্চিমাঞ্চলীয়
শহর ওসাকার একটি ব্যক্তিগত আবাসন থেকে পুলিশ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার
করে। সন্দেহভাজনদের বয়স যথাক্রমে ২৩ ও ৩৩ বছর।
পুলিশ জানিয়েছে,
তদন্তকারীরা ওই ব্যক্তিদের জিনিসপত্রের ভেতর থেকে চুরি হওয়া জিনিসগুলোর
মধ্যে ব্র্যান্ডের একটি ঘড়ি উদ্ধার করেছেন।
পুলিশ ২৩ বছর বয়সী
সন্দেহভাজনের বরাত দিয়ে জানিয়েছে যে, তারা দুজনে মিলে কেবল একটি ঘড়ি
চুরি করেছিল। তারা আরও জানায়, ৩৩ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তি অভিযোগগুলো
স্বীকার করেছেন এবং তদন্তকারীদের বলেছেন যে, তারা দুজন ঘড়িগুলো বিক্রি করে
সেই টাকা নিজেদের দেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল।
পুলিশ জানিয়েছে,
সন্দেহভাজনরা ২১শে আগস্ট জাপানে পৌঁছানোর পর কোথায় কোথায় গিয়েছিল এবং কী
কারণে তারা এই অপরাধটি সংঘটিত করেছিল, তা তারা তদন্ত করছে।
মঙ্গলবার নাকানো ব্রডওয়ে
বাণিজ্যিক এলাকার একটি ঘড়ির দোকানে চুরির ঘটনাটি ঘটে। একটি হাতুড়ি দিয়ে
ডিসপ্লে কেসটি ভেঙে ফেলা হয়। দুই দুষ্কৃতকারী মাত্র ১০ সেকেন্ডের মতো
দোকানে থাকার পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তদন্তকারীরা বলছেন,
নিরাপত্তা ক্যামেরার ফুটেজ এবং অন্যান্য সূত্র থেকে ইঙ্গিত পাওয়া যায় যে,
চিলির নাগরিকরা এই চুরির সঙ্গে জড়িত ছিল। এনএইচকে।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা]
|