|
টোকিওতে সরস্বতী পূজা উদযাপিত

কমিউনিটি রিপোর্ট ।।
বিপুল উৎসাহ-উদ্দীপনার
মধ্য দিয়ে টোকিওতে উদ্যাপিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয়
উৎসব সরস্বতী পূজা। গত জানুয়ারি ২৫ তারিখে টোকিও শহরের কিতা ওয়ার্ডের
তাকিনোগাওয়া নিশি কুমিন সেন্টারে স্থাপিত অস্থায়ী মণ্ডপে এ পূজার আয়োজন করা
হয়। জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি হিন্দুদের সংগঠন সার্বজনীন পূজা
কমিটি এ পূজার আয়োজন করে। প্রচন্ত ব্যস্ততার ও ব্যয়বহুল এ জাপানে স্থায়ী
মন্দিরের অভাবে পূজা কমিটি প্রতি বছর সাধারনত পূজার সন্নিকটে কোন এক
রবিবারে টোকিও শহরে পাবলিক কোন হল ভাড়া করে দুর্গাপূজা ও সরস্বতী পূজার
আয়োজন করে থাকে।
সকালে পূজার মন্ডপে এসে পূজার প্রস্তুতি শুরু
করেন পূজার পুরোহিত মানিক চক্রবর্তী। এরপর একে একে পূজার মন্ডপে আসতে শুরু
করেন পূজারী ও অতিথিবৃন্দ। প্রচন্ত কনকনে শীতের মাঝেও দূর-দূরান্ত থেকে
পূজারীরা জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী মায়ের বাণী অর্চনা ও অঞ্জলি দেওয়ার
জন্য ছুটে আসেন। পূজার এ অনুষ্ঠানে একজন ছোট শিশুর হাতে খড়ি দেওয়া হয়।
আবহমান বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী এ অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও
বিভিন্ন ধর্মের কিছু সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও কিছু জাপানিও উপস্থিত
ছিলেন।
পূজার অঞ্জলি শেষে উপস্থিত ভক্তদের মাঝে পূজার
প্রসাদ বিতরণ করা হয়। প্রতি বছর পূজা কমিটি পর্যাপ্ত পরিমাণ পূজার প্রসাদ
তৈরী করে থাকেন। অনেকে দূর-দুরান্ত থেকে ছুটে আসেন পূজার এ প্রসাদের জন্য।
এরপর শুরু হয় আলোচনা অনুষ্ঠান। আলোচনা পর্বে পলি বণিকের উপস্থাপনায় শুরুতেই
শুভেচ্ছা বক্তব্য রাখেন পূজা কমিটির সভাপতি কানু গোপাল কুন্ডু, সাধারণ
সম্পাদক রতন বর্মণ, উপদেষ্টা বিপ্লব সাহা, সহ-সভাপতি তাপস সাহা ও
কোষাধ্যক্ষ ড. অতনু সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টোকিস্থ বাংলাদেশ
দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোরারজী দেশাই বর্মণ। প্রধান অতিথি মোরারজী
দেশাই বর্মণ পূজা কমিটিকে রাষ্ট্রদূতের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ও এ
প্রবাসে প্রতিবছর সরস্বতী পূজা আয়োজন করার জন্য পূজা কমিটিকে ধন্যবাদ
জানান।
এরপর পপি ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে আগত স্থানীয়
শিল্পীবৃন্দ ও ছোট ছোট প্রবাসী শিশুরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন
করেন। এ অনুষ্ঠানে তনুতা ঘোষ, শ্রীদিকতা বাড়ৈ, মৃন্ময়ী পাল শ্রেয়া, আরিষা
সাহা, শ্রেয়সী বাড়ৈ, তিয়াশা বণিক, তানিশা বৈদ্য, আরিয়ানা সাহা, আংকা বণিক,
রিংকা বণিক, শ্রেষ্ঠা মৈত্র, সুলগ্না মৈত্র, পলি সরকার ও অনামিকা দাশ নাচ ও
গান পরিবেশন করেন। পরিশেষে পূজা কমিটির সাংস্কৃতিক সম্পাদক শুভজিৎ রায় অভি
ভক্তিমূলক গান ও কীর্তন দিয়ে দর্শক-শ্রোতাদের মাতিয়ে তোলেন। এর মধ্য দিয়ে
শেষ হয় এবার পূজার সকল আয়োজন।
প্রচন্ড ব্যয়বহুল ও
ব্যস্ততার এ শহরে প্রতিবছর সুন্দরভাবে পূজার এ অনুষ্ঠান সম্পন্ন করার জন্য
পূজার কর্মকর্তা ও একদল স্বেচ্ছাসেবক প্রচুর পরিশ্রম করে থাকেন। পূজা
কমিটির প্রচেষ্টাকে ও সুন্দর-সুশৃংখল অনুষ্ঠান আয়োজনের জন্য জাপান প্রবাসী
বাংলাদেশিরা পূজা কমিটিকে ধন্যবাদ জানিয়ে থাকেন।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা]
|